বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের প্রচার ও ধারাবাহিক শিক্ষা কার্যক্রমে অবদান রাখার জন্য পরিচিত মাওলানা মীর মোঃ হাবিবুর রহমান (৭৯) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৭টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মাওলানা মীর হাবিবুর রহমানের দাফন হবে রূপগঞ্জের বানিয়াদী হাবিবিয়া হাফেজিয়া মাদ্রাসার সংলগ্ন কবরস্থানে।
জীবনী ও শিক্ষাজীবন
১৯৪৭ সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর হারিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবার শরিফের পির আল্লামা নেছার উদ্দীন খলিফা। প্রাথমিক শিক্ষাজীবন শুরু করেন নিজ গ্রামে, এরপর নেছারিয়া আলিম মাদ্রাসা থেকে ১৯৬৩ সালে দাখিল ও ১৯৬৫ সালে আলিম পাশ করেন। ১৯৬৭ সালে ফাজিল পাশ করে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া থেকে প্রথম বিভাগে কামিল সম্পন্ন করেন।
ইসলামের প্রচার ও আন্তর্জাতিক সাফল্য
মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী, বাংলার আলোড়িত ও আলোচিত ইসলামি বক্তা। গ্রামের ছোট থেকে শহরের অলি-গলিতে তার সুললিত কণ্ঠের বয়ান শোনা যেত। তিনি কোরআন, হাদিস, নবী, সাহাবী ও আওলিয়াদের জীবনী বিস্তারিতভাবে বর্ণনা করতেন।
শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার ধর্মীয় বক্তৃতা ও ইসলাম প্রচারের সুনাম ছড়িয়েছে। লন্ডন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ইতালি, জার্মানি, মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি ইসলামি আলোচনায় অংশগ্রহণ করেছেন।
গুরুত্বপূর্ণ প্রকাশনা
তার লেখা উল্লেখযোগ্য বইগুলো:
- ইসলামে নারীর মর্যাদা
- ধর্ম ও ইবাদত
- মুক্তির সহজ পথ
- রাসুলে খোদা (স.)
- মক্কাতে রাসুল (স.)
- মদিনাতে রাসুল (স.)
- শানে রাসুল (স.)
মাওলানা মীর হাবিবুর রহমানের প্রয়াণে বাংলাদেশের ইসলামি জগৎ ও অসংখ্য ছাত্র-শিষ্য, গুণগ্রাহী ও সাধারণ মানুষ শোকাহত। তাঁর অবদান ধর্মচর্চা ও ইসলামী শিক্ষার ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে।
মোঃ নওয়াব ভূইয়া/রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি
