বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ৫৮ দিনের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, দেশের গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদ বিশেষ করে ইলিশ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে। উৎপাদন বাড়লে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং দাম কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে।
এছাড়া ইলিশের প্রজনন ও জাটকা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির জন্য ৭ এপ্রিল থেকে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ শুরু হচ্ছে, যা ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে এবং চাঁদপুরে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
মন্ত্রী সকলকে সতর্ক করে বলেন, জাটকা আহরণ, বিক্রি ও মজুত থেকে বিরত থাকতে হবে। নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি বৃদ্ধি করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, যিনি বলেন, জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল করতে জেলেদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে খাদ্য সহায়তা ও অতিরিক্ত সুবিধা দেওয়া হতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, সরকারি বরাদ্দকৃত সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
রবি ডাকুয়া/বাগেরহাট
