বাগেরহাটের চিতলমারী উপজেলায় নিজ বাড়ির ভেতরে ঢুকে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আমির হামজা (২৩) স্থানীয় রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিকেল প্রায় ৪টার দিকে বাড়ির উঠানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়িতে প্রবেশ করে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়।
পরিস্থিতি আঁচ করতে পেরে আমির হামজা দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে। একপর্যায়ে তিনি বাড়ির পাশের খালের পাড়ে পড়ে গেলে সেখানে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য তদন্ত সংস্থাও কাজ শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
⚠️ তদন্তে নেমেছে একাধিক সংস্থা
ঘটনার গুরুত্ব বিবেচনায় বিভিন্ন তদন্তকারী সংস্থা যৌথভাবে কাজ শুরু করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
😢 স্বজনদের আহাজারি, এলাকায় শোকের ছায়া
এ ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। স্থানীয় বাসিন্দারাও এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত বিচার দাবি জানিয়েছেন।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
