মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা-তে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর একটি দল।
রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়ন-এর চৌদ্দকাউনিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের একটি আভিযানিক দল। অভিযানের সময় ঘাট সংলগ্ন একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে গজারিয়া থানা-র অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন,
“উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এগুলো বুঝে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে।
আমিরুল ইসলাম নয়ন/গজারিয়া প্রতিনিধি
