বাগেরহাটের মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পঞ্চম চালানের ৫৮ হাজার ৫০০ টন গম খালাস কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল থেকে বন্দরে নোঙর করা জাহাজ থেকে গম খালাস করা হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আসা গমবাহী জাহাজ MV Calypso N বুধবার (১১ মার্চ) মোংলা বন্দর ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙর করে। পরদিন গমের নমুনা পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট Seven Seas Shipping-এর ব্যবস্থাপক আবুল হাসেম শামিম জানান, জাহাজটি গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের কালামা বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং ১১ মার্চ বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙর করে।
খাদ্য অধিদপ্তর-এর মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় এই গম আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী মোংলা বন্দরের মাধ্যমে মোট ৪ লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে।
তিনি আরও জানান, এর আগে চারটি চালানে উল্লেখযোগ্য পরিমাণ গম মোংলা বন্দরে এসেছে। গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন, চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে ২২ হাজার ৭৫৬ টন এবং ১ ফেব্রুয়ারি চতুর্থ চালানে ৫৬ হাজার টন গম আমদানি করা হয়।
খালাস করা গম প্রথমে মোংলা সাইলো-তে সংরক্ষণ করা হচ্ছে। পরে সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার ও বাণিজ্য ঘাটতি কমাতে গত বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়, যার মেয়াদ পাঁচ বছর।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
