বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের গার্ডরুমে দায়িত্বরত অবস্থায় সালেহ আহমেদ (৪২) নামে এক কোস্টগার্ড সদস্য নিজের বুকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।
আজ বুধবার (১১ মার্চ) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে কোস্টগার্ড সদর দপ্তরের গার্ডরুমে এই ঘটনা ঘটে।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থায় সালেহ আহমেদ হঠাৎ নিজের ব্যবহৃত অস্ত্র বুকে ঠেকিয়ে ট্রিগার চেপে ধরেন। গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা উপশম হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সালেহ আহমেদের মরদেহ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার প্রক্রিয়া চলছে। সেখান থেকে আনুষ্ঠানিক মৃত্যুসনদ সংগ্রহের পর ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, “প্রাথমিকভাবে জানা গেছে কোস্টগার্ড সদস্য সালেহ আহমেদ নিজের অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
এই আত্মহত্যার নেপথ্যে কোনো পারিবারিক কলহ না কি পেশাগত মানসিক চাপ ছিল, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
