উপকূলীয় অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাগেরহাটের মোংলা থানাধীন জয়মনির প্রত্যন্ত এলাকায় দিনব্যাপী এক বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকালে মোংলার জয়মনি প্রাথমিক বিদ্যালয়ে এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। কোস্ট গার্ড বেইজ মোংলার ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টগণ স্থানীয় গরিব, দুঃস্থ এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের এই মেডিক্যাল ক্যাম্পেইন।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত এলাকা হওয়ায় উন্নত চিকিৎসাসেবা পাওয়া তাদের জন্য বেশ কষ্টসাধ্য। ঘরের কাছে বিনামূল্যে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ওষুধ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপকূলের মানুষের আস্থার প্রতীক হিসেবে কোস্ট গার্ড সবসময় তাদের পাশে থাকবে।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
