বঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্ট গার্ডবঙ্গোপসাগর থেকে উদ্ধার জেলেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলে আব্দুল মান্নানকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করে। পরে ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে অসাবধানতাবশত বোটটি আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।

এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের ওই জেলে বোট থেকে পানিতে পড়ে যান। বিষয়টি লক্ষ্য করে ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে।

মানবিক বিবেচনায় উদ্ধারকৃত জেলেকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা পদ্মা-এর মাধ্যমে তাকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় নিয়ে আসা হয়।

এরপর বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। সেখান থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কোস্ট গার্ডের বোটযোগে তাকে কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে জেলে আব্দুল মান্নানকে তার পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনা সমুদ্রসীমায় দায়িত্ব পালনরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। একই সঙ্গে উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে কোস্ট গার্ডের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

রবি ডাকুয়া / বাগেরহাট প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *