খুলনার বাগমারায় এক রুদ্ধশ্বাস যৌথ অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এর আওতায় পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে বিদেশি রিভলভার, পিস্তল, তাজা গুলি এবং মাদক।
রুদ্ধশ্বাস সেই অভিযান
সোমবার (১৯ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল ৭টার দিকে খুলনার বাগমারা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম এই যৌথ অভিযান শুরু করে।
অভিযান চলাকালীন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দুই শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃতরা হলেন: ১. শাকিল আহমেদ (২০) ২. তরিকুল ইসলাম তৌহিদ (২৫)
অস্ত্র ও মাদকের আস্তানা উন্মোচন
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযানে নামে যৌথ বাহিনী। পরবর্তীতে বাগমারার কাঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়:
- ১টি বিদেশি রিভলভার।
- ১টি বিদেশি ৭.৬৫ মি.মি. পিস্তল।
- ৭ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিন।
- ৩৫০ গ্রাম গাঁজা।
কোস্ট গার্ডের কড়া হুঁশিয়ারি
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আবরার হাসান বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা বেআইনি তৎপরতা সহ্য করা হবে না। জননিরাপত্তা নিশ্চিতে আমাদের এই ‘ডেভিল হান্ট’ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র-মদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
