হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা শীতের সকালে, যখন শীতার্ত মানুষের কষ্টে স্তব্ধ সুন্দরগঞ্জ—ঠিক তখনই উষ্ণতার বার্তা নিয়ে পাশে দাঁড়ালেন সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু।
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ৪০০ জন শীতার্ত, অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় পৌরবাজার সংলগ্ন তারাপুর ব্রিজের পাশে ৯ বিঘার ডাকবাংলা প্রাঙ্গণে এই মানবিক আয়োজন অনুষ্ঠিত হয়। এ সময় শীতের সঙ্গে লড়াই করা মানুষের হাতে তুলে দেওয়া হয় উষ্ণ কম্বল।
শীতবস্ত্র পেয়ে অনেকের চোখে দেখা যায় স্বস্তির ঝিলিক। উপকারভোগীরা জানান, চলতি বছরে শীতের তীব্রতা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। শীতের কারণে দিনমজুরসহ অনেকের কাজ বন্ধ হয়ে গেছে, অসুস্থ হলেও ওষুধ কেনার সামর্থ্য নেই। তারা বলেন,
“আমরা গরিব মানুষ, আমাদের খোঁজ নেওয়ার কেউ থাকে না। এই কম্বলটা আমাদের জন্য অনেক বড় সহায়তা। শীত থেকে কিছুটা হলেও রক্ষা পাবো।”
মানবিক এই উদ্যোগের বিষয়ে নুরুন্নবী প্রামানিক সাজু বলেন,
“শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। মানবিক দায়িত্ববোধ থেকেই আমি সবসময় এ ধরনের কল্যাণমূলক কাজ করার চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
শীতের সকালে একটি কম্বল শুধু কাপড় নয়—
এটা কারও কাছে উষ্ণতা,
কারও কাছে ভরসা,
আবার কারও কাছে মানবিকতার প্রমাণ।
মো. শাহিন মিয়া/সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি
