সুন্দরবনের শরণখোলা রেঞ্জে ফের সক্রিয় হয়ে উঠেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। শনিবার (১০ জানুয়ারি) গভীর রাতে টিয়ারচর সংলগ্ন কালামিয়ার ভারাণী এলাকা থেকে মুক্তিপণের দাবিতে দুই জেলেকে অপহরণ করেছে দস্যুরা।
অপহৃত জেলেরা হলেন—সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকার আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)।
জেলেদের মহাজন মিজান বহদ্দার জানান, শনিবার রাত প্রায় ১২টার দিকে টিয়ারচরের কালামিয়ার ভারাণী এলাকায় নদীতে মাছ ধরার সময় জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। এরপর তারা দুই জেলেকে নিজেদের ট্রলারে তুলে বনের গভীরে নিয়ে যায়। এ সময় মুক্তিপণ সংক্রান্ত যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বরও দিয়ে যায় দস্যুরা।
এই ঘটনায় শেলারচর এলাকার সাধারণ জেলেদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু অভিযোগ করেন, গত এক বছরেরও বেশি সময় ধরে সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডব বেড়েছে। জেলেরা একপ্রকার দিশেহারা, এবং নির্ধারিত চাঁদা আগেভাগেই ‘বিকাশ’ এর মাধ্যমে পরিশোধ করতে হচ্ছে। চাঁদা না দিলে ঘটছে অপহরণের ঘটনা।
প্রসঙ্গত, গত মাসেও জাহাঙ্গীর বাহিনী চার জেলেকে অপহরণ করেছিল, যাদের ২ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে হয়েছিল।
সুন্দরবন পূর্ব বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর সবুর জানান, টিয়ারচরে দুই জেলে অপহরণের বিষয়টি তিনি শুনেছেন।
স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা আরও দাবি করেছেন, সুন্দরবনের জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, কোস্টগার্ড ও নৌ-পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হোক।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
