সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশুদের একটি তুচ্ছ ঝগড়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী–পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনাও ঘটে।
রোববার (১১ জানুয়ারি) সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় গ্রামের জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার পক্ষ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নিরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি মারপিটে রূপ নেয়। ওই ঘটনার জের ধরে রাতেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরদিন রোববার সকাল আনুমানিক ১০টার দিকে উত্তেজনা চরমে পৌঁছায়। মাহফুজ সরকার পক্ষ ও জিয়ারুল ফকির পক্ষের প্রায় পাঁচ শতাধিক নারী–পুরুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি বাড়িঘর ভাঙচুর করা হয়।
ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে মাহফুজ সরকার পক্ষের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকারসহ একাধিক ব্যক্তি আহত হন। অপরদিকে ফকির পক্ষের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকির আহত হন। আহতদের শাহজাদপুর ও পার্শ্ববর্তী পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ভবিষ্যতে মারামারিতে জড়াবে না—এ মর্মে মুচলেকা নিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি নজরদারি অব্যাহত আছে।
জুবায়ের হাসান | শাহজাদপুর প্রতিনিধি
