পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক দোভাষীর অস্বাভাবিক মৃত্যু ঘটেছে।
শনিবার রাত ১১টার দিকে সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আনোয়ার আহমেদ (৫২)। তিনি চট্টগ্রাম মহানগরের পূর্ব নাসিরাবাদ এলাকার বাসিন্দা।
প্রায় এক বছর ধরে ঈশ্বরদীর দিয়ার সাহাপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ আট বছর ধরে রাশিয়ান কোম্পানি নিকিমথে দোভাষী হিসেবে কর্মরত ছিলেন।
সম্প্রতি ছুটি কাটিয়ে শনিবার বিকেলে একাই ঈশ্বরদীতে ফেরেন আনোয়ার আহমেদ।
রাত হয়ে গেলেও স্ত্রী যোগাযোগ না করতে পারায় সন্দেহের সৃষ্টি হয়।
পরে প্রতিবেশী এক গৃহবধূ তার ঘরে গিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে ঈশ্বরদী থানার এসআই লতিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নুর জানান,
ঘটনাটি তদন্তাধীন রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
লাবলু বিশ্বাস/ঈশ্বরদী প্রতিনিধি
