বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত বিএনপি নেতা আবদুর রাজ্জাক এবং তার পরিবারের নয় জনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন।
পরবর্তীতে বিকাল সোয়া ৩টায় মোংলা পৌর কবরস্থানে দাফন কার্যক্রম শুরু হয়। প্রথমে পরিবারপ্রধান আবদুর রাজ্জাককে দাফন দেওয়া হয়। এরপর ক্রমানুসারে পরিবারের বাকিদের দাফন সম্পন্ন করা হয়।
মোংলার বাজার মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবদুল হালিম জানান, “মোংলার ইতিহাসে একসাথে নয় জনের জানাজা এত বড় আকারে কখনও হয়নি। খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। আল্লাহ তাদের সবাইকে জান্নাত দান করুন এবং এমন দুর্ঘটনা আর কোনও পরিবারে যেন না আসে—সেই দোয়া করি।”
ঘটনার সূত্রপাত ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে, বরপক্ষ নববধূকে নিয়ে মাইক্রোবাসে মোংলার উদ্দেশ্যে রওনা হন। বিকেল ৪টার দিকে রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় খুলনা–মোংলা মহাসড়কে মাইক্রোবাসটির সঙ্গে নৌবাহিনীর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা বর-কনেসহ ১৪ জন নিহত হন।
এ ঘটনায় স্থানীয় জনগণ ও রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন এবং পরিবারকে সহমর্মিতা জানিয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে গভীর শোক এবং সতর্কবার্তা সৃষ্টি করেছে।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
