মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীর মল্লিকের চর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে অভিযানের আগেই অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।

স্থানীয় সূত্র জানায়, গত রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে মেঘনা নদীর গজারিয়া অংশের মল্লিকের চর এলাকায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন শুরু করে একটি চক্র। ওই এলাকায় কোনো বৈধ বালুমহাল না থাকার কারণে খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পৌঁছানোর আগেই চক্রটি ড্রেজার ও বাল্কহেড সরিয়ে পালিয়ে যায়।

এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে এই অংশে বালু উত্তোলন বন্ধ ছিল। হঠাৎ আবার কেউ শুরু করেছে। প্রশাসন যেন এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনোভাবে বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও মল্লিকের চর এলাকায় একই ধরনের বালু উত্তোলনের চেষ্টা হয়েছিল। পরে প্রশাসনের কঠোর নজরদারিতে তা বন্ধ হয়। কয়েক মাসের বিরতির পর পুনরায় এই ধরনের অবৈধ কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

আমিরুল ইসলাম নয়ন / গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *