ম.ম.রবি ডাকুয়া / বাগেরহাট
রমজান মাসে শুধু দাম নয়, খাবারের গুণগত মান নিয়েও সবচেয়ে বেশি চিন্তায় থাকেন অভিভাবকরা।
বিশেষ করে যারা সন্তানের জন্য প্রতিদিন বাজার করেন, তাদের জন্য নিরাপদ খাবার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এই প্রেক্ষাপটে বাগেরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও মান যাচাই করতে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।
সোমবার বিকেলে তিনি শহরের প্রধান মাছ, গোশত, সবজি, চাল ও ফলের বাজার ঘুরে দেখেন। এসময় শুধু দাম নয়—
চাল, ডাল, তেল, মসলা, সবজি, খেজুর, তরমুজ, আঙুর, লেবুসহ বিভিন্ন পণ্যের মানও সরাসরি যাচাই করা হয়।
জেলা প্রশাসক ব্যবসায়ীদের ক্রয় ভাউচার পরীক্ষা করে দেখেন এবং পণ্যের গুণগত মান ঠিক আছে কি না তা পর্যবেক্ষণ করেন। তিনি স্পষ্ট করে জানান, ন্যায্য মূল্যের পাশাপাশি পণ্যের মান বজায় রাখাও ব্যবসায়ীদের দায়িত্ব।
পরিদর্শনকালে গরুর গোশত, মুরগি ও অন্যান্য নিত্যপণ্যের জন্য সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
তবে বাজার পরিদর্শনের খবর পেয়ে কিছু অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে যায়, যা অভিভাবকদের জন্য নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
জেলা প্রশাসক বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার জন্য নিম্নমানের ও অনিরাপদ পণ্য বাজারে ছাড়ে। যা সরাসরি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি।
তিনি আরও জানান, এ ধরনের অনিয়ম ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।
অভিভাবকদের প্রশ্ন একটাই—
এই তদারকি কি শুধু অভিযানের দিনেই সীমাবদ্ধ থাকবে, নাকি প্রতিদিনের বাজারও নিরাপদ হবে?
কারণ সন্তানের প্লেটে যেটুকু খাবার ওঠে, সেটাই নির্ধারণ করে তার ভবিষ্যৎ স্বাস্থ্য।
বাগেরহাট / চ্যানেল আর এ নিউজ
