দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে সৃষ্টি হয়েছে নতুন এক রেকর্ড। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মাত্র সাত মাসেই জাহাজ আগমনের সংখ্যা এবং কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ গত অর্থবছরের পুরো বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।"নতুন সরকারের শুরুতেই চমক! মোংলা বন্দরে বিদেশী জাহাজের মেলা, চাঙ্গা অর্থনীতি।"

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে সৃষ্টি হয়েছে নতুন এক রেকর্ড। চলতি ২০২৫-২৬ অর্থবছরের মাত্র সাত মাসেই জাহাজ আগমনের সংখ্যা এবং কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ গত অর্থবছরের পুরো বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

রেকর্ড গড়া পরিসংখ্যান

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, জুলাই-২০২৫ থেকে জানুয়ারি-২০২৬ পর্যন্ত এই সাত মাসে মোংলা বন্দরে মোট ৫১৫টি বিদেশী বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। এর মধ্যে ৩১টি বিদেশী কন্টেইনারবাহী জাহাজ থেকে মোট ২১ হাজার ৬৫১ টিইইউজ (TEUs) কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। যা গত ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় প্রায় ৭৯.১৯% বেশি। উল্লেখ্য, গত পুরো অর্থবছরে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ২১ হাজার ৪৫৬ টিইইউজ।

আমদানি-রপ্তানির জোয়ার

কন্টেইনারের পাশাপাশি এই সময়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লক্ষ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩% বেশি। বর্তমানে এই বন্দর দিয়ে চাল, গম, কয়লা, সার এবং এলপিজির মতো জরুরি পণ্য আমদানির পাশাপাশি বাংলাদেশি সাদা মাছ, হিমায়িত চিংড়ি, পাটজাত পণ্য এবং মাটির টাইলস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

নতুন সম্ভাবনা ও অবকাঠামো উন্নয়ন

বন্দর ব্যবহারকারীদের সুবিধার্থে হিরণ পয়েন্ট এলাকায় HP-1, HP-2 এবং HP-3 নামে তিনটি নতুন অপারেশনাল এ্যাঙ্কর বার্থ ঘোষণা করা হয়েছে। এসব বার্থে এখন থেকে ৯.০০ মিটার ড্রাফট এবং ২০০ মিটার দৈর্ঘ্যের বড় বাণিজ্যিক জাহাজ সরাসরি অপারেশন সম্পন্ন করতে পারবে।

বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান বলেন,

“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করায় আমরা তাদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী, নতুন সরকারের সুযোগ্য নেতৃত্বে মোংলা বন্দরে জাহাজ আগমন ও আমদানি-রপ্তানি আরও বৃদ্ধি পাবে, যা দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বাকি ৫ মাসে বন্দরের এই প্রবৃদ্ধি আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট অংশীজনরা। মোংলা বন্দরের এই আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক চেহারা বদলে দেবে বলে মনে করা হচ্ছে।

রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *