ভোটের মাঠের লড়াই শেষ, এবার কৃতজ্ঞতা ও আগামীর সংগ্রামের পালা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী তার ওপর আস্থা রাখা ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আজ (শনিবার) এক বিবৃতিতে তিনি এই কৃতজ্ঞতা জানান এবং বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জ্ঞাপন করেন।
কোটিপতিদের ভিড়ে ২২ হাজার মানুষের ভরসা
বিবৃতিতে ডা. মনীষা জানান, ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে মই মার্কায় বরিশাল-৫ আসনে মোট ২২,৪৮৬টি ভোট পড়েছে (১৭৬টি কেন্দ্র ও পোস্টাল ভোটসহ)। প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে এই বিপুল সংখ্যক মানুষের সমর্থনকে তিনি সমাজ পরিবর্তনের সংকেত হিসেবে দেখছেন।

“এই সাড়ে বাইশ হাজার মানুষ শুধু একটা সংখ্যা নয়; এরা প্রথাগত লুটপাট, দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বদল চায়। এদের মধ্যে তরুণ ভোটার, শিক্ষিত মধ্যবিত্ত, নারী ও শ্রমজীবী মানুষেরা আছেন, যারা আমাদের ব্যবস্হা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক।” — ডা. মনীষা চক্রবর্ত্তী, সমন্বয়ক, বাসদ বরিশাল জেলা শাখা।
বিজয়ী প্রার্থীকে অভিনন্দন
বিজয়ী প্রার্থী বিএনপি মনোনীত অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মনীষা। সেই সাথে ৫ আসনের সকল জনগণের জন্য শুভকামনা জানিয়ে তিনি বলেন, ভোটের ফলাফল যাই হোক, জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সবসময় পাশে থাকবেন।
লড়াই চলবে দ্বিগুণ শক্তিতে
ডা. মনীষা এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষের পাশে থেকে সামনের দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। তার মতে, এই ২২ হাজার ভোটারই আগামী দিনে সমাজ বদলের লড়াইকে আরও শক্তিশালী করবে।
জয় চন্দ্র শীল /বরিশাল
