বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনকে দেশের অন্যতম আধুনিক ও উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী সোমনাথ দে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জে আয়োজিত এক বিশাল গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সোমনাথ দে বলেন, “দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ জয়ী হলে মোরেলগঞ্জ ও শরণখোলাকে আধুনিক উপজেলা হিসেবে উপহার দেওয়া হবে। প্রতিটি ইউনিয়ন হবে মডেল ইউনিয়ন এবং এই পৌরসভাকে দেশের অন্যতম দৃশ্যমান পৌরসভায় রূপান্তর করা হবে।”
উত্তাল মোরেলগঞ্জ: ধানের শীষের গণমিছিল
শনিবার সকালে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে গণমিছিলে যোগ দেন। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নব্বইরশী বাসস্ট্যান্ডে এসে এক বিশাল পথসভায় মিলিত হয়।
“তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে”
পথসভায় বক্তারা আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের ভোটারদের এগিয়ে আসার আহ্বান জানান। “ভোট দিবো ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে”—এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন:
- সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইয়াদ
- সাবেক পৌর বিএনপি সভাপতি আব্দুল মজিদ জব্বার
- বর্তমান পৌর বিএনপি সভাপতি শিকদার ফরিদুল ইসলাম
- সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ অঙ্গ-সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা নিজেদের মধ্যে সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সবাইকে নির্বাচনী মাঠে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালনের আহ্বান জানান।
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি