নৌ পুলিশের হাই-স্পিড বোটে অগ্নিকাণ্ডজ্বালানি তেলের কারণে ভয়াবহ আগুন, নৌ পুলিশের বোট পুড়ে ছাই

মোংলায় নৌ পুলিশের একটি হাই-স্পিড বোটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নৌ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলা উপজেলার দিগরাজ এলাকার পশুর নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা নৌ পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে আগত নৌ পুলিশের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় একটি হাই-স্পিড বোট প্রস্তুত রাখা হয়। বোটের চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য দিগরাজ বাজুয়া ঘাটে যান।

ঘাটে নোঙর করে জ্বালানি তেল নেওয়ার পর বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগস্থলে হঠাৎ স্পার্ক সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই জ্বালানি তেলের কারণে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বোটে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এ সময় দ্রুত বোট থেকে নামতে গিয়ে একজন নৌ পুলিশ সদস্য সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে বোটের চালক কাজী মাহবুব (২৮) আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

আহত মাহবুবকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে মোংলা নৌ পুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জ্বালানি তেল থাকায় খুব অল্প সময়ের মধ্যেই স্পিড বোটটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রবি ডাকুয়া / বাগেরহাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *