আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থনে রাজপথে বিশাল শক্তি প্রদর্শন করেছে দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল ও শোডাউন
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বর থেকে এই বিশাল মিছিলটি শুরু হয়। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং তাঁতী দলের প্রায় সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
নেতৃত্বে ব্যারিস্টার নওফল জমির
মিছিলটির নেতৃত্বে ছিলেন ব্যারিস্টার নওশাদ জমিরের ছোট ভাই, বিশিষ্ট লেখক ও মিডিয়া ব্যক্তিত্ব এবং নির্বাচনী এজেন্ট ব্যারিস্টার নওফল জমির। মিছিলে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ— “১২ তারিখ শুভ দিন, ধানের শীষে ভোট দিন”, “তারেক রহমানের সালাম নিন, ধানের শীষে ভোট দিন”, “গণতন্ত্রের মার্কা, ধানের শীষ মার্কা”।
বিজয় মানেই গণতন্ত্রের মুক্তি
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার নওফল জমির বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের বিজয়। এটি পঞ্চগড়ের আপামর জনসাধারণের বিজয়। আমরা নির্বাচিত হলে পঞ্চগড়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং এই জেলাকে দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মিছিলে অংশ নেওয়া সকল নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং ভোটের দিন পর্যন্ত ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আরিফুল ইসলাম ইরান/পঞ্চগড় প্রতিনিধি
