মোংলায় মাদকবিরোধী এক সাঁড়াশি অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। রবিবার রাত ৯টার দিকে পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় একটি মাদকের আখড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, বিদেশি মদ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের বিস্তারিত
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে ২০ সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকারী দলটি মাদ্রাসা রোডের একটি আস্তানায় হানা দিলে উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হন নৌবাহিনীর সদস্যরা।
আটককৃতরা হলেন: ১. মোঃ সজল হোসেন সুজন (২৮) ২. মোঃ নজরুল ইসলাম (৪৮) ৩. মোঃ রায়হান (২৬) (তারা সবাই স্থানীয় মাদ্রাসা রোডের বাসিন্দা)
উদ্ধারকৃত সরঞ্জামাদি
আখড়াটি তল্লাশি করে নৌবাহিনী উদ্ধার করেছে:
- বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা।
- মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি।
- বিদেশি মদের বোতল।
- চুরি ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র ও সরঞ্জাম।
স্থানীয়দের ক্ষোভ ও প্রশ্ন
মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০-৫০ ফুটের মধ্যে দীর্ঘদিন ধরে কীভাবে এমন একটি বড় মাদকের আড্ডাখানা পরিচালিত হচ্ছিল, তা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় এ ধরনের অসামাজিক কার্যকলাপ জননিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
নৌবাহিনীর বক্তব্য
লেঃ মোঃ ইকবাল হোসেন জানান, আটককৃতদের এবং জব্দকৃত মালামাল মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকের দৌরাত্ম্য ও যেকোনো ধরনের বেআইনি তৎপরতা প্রতিহত করতে নৌবাহিনী সদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
রবি ডাকুয়া/বাগেরহাট প্রতিনিধি
