পঞ্চগড় পৌর এলাকার ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল ও কলেজ মাঠে শনিবার (১০ জানুয়ারি) নূর ও নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)’র সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে বিভিন্ন বয়সী এবং পেশার সাধারণ মানুষ বিশেষজ্ঞ চিকিৎসা সেবা গ্রহণ করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ পান।
ক্যাম্পে সকাল থেকে রোগীদের পরীক্ষা ও পরামর্শ দেওয়া শুরু করেন পঞ্চগড় সদর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মনোয়ার হোসেন, কনসালট্যান্ট (হৃদরোগ) ডা. এস এম মাহবুব উল আলম, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তারিফুন্নবী প্রধান মুন, মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. কাজিরুল ইসলাম ফাইহান, গাইনিকোলজিস্ট ডা. মাহফুজা আক্তারসহ মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক। এছাড়া রোগীরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার সুবিধাও পান।
আয়োজক সূত্রে জানা গেছে, সারাদিনে ক্যাম্পে প্রায় সাত শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শ্বাসকষ্টে ভুগছিলেন মো. আব্দুল লতিব। তিনি First আলোকে বলেন, “শীতের কারণে সমস্যা বেড়েছিল। বাইরে বিশেষজ্ঞ দেখাতে গেলে কয়েক হাজার টাকা খরচ হয়। এখানে ফ্রি চিকিৎসা এবং ওষুধ পেলাম।” একইভাবে চর্মরোগে দীর্ঘদিন সমস্যায় ভুগছিলেন হালিমা বেগম। তিনি বলেন, “বিশেষজ্ঞের সঙ্গে দ্রুত পরামর্শ নেওয়ার সুযোগ পেয়েছি, যা আমার জন্য অনেক উপকার হয়েছে।”
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এস এম মাহবুব উল আলম জানান, এ পর্যন্ত পঞ্চগড়ের তিন উপজেলায় চারটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। “গ্রামের অসহায় মানুষদের কাছে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দিতে পেরে আমরা খুশি। এখন পর্যন্ত প্রায় চার হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছি। ভবিষ্যতে এই উদ্যোগ আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।”
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের প্রবণতা বেড়েছে। স্বাস্থ্যসেবা ব্যয় বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসকের স্বল্পতা এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসায় অক্ষমতার কারণে এসব উদ্যোগ জনগণের কাছে তাৎপর্য বহন করছে। পঞ্চগড়ে নূর ও নাজাত ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে সেই ধারার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে মনে করা হচ্ছে।
আরিফুল ইসলাম ইরান/পঞ্চগড় প্রতিনিধি
