আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ রাজিব আহসান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসারের দপ্তরে উপস্থিত হয়ে তিনি তার মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তার সঙ্গে বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম দাখিলকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানান। পুরো এলাকায় ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ।
স্থানীয় নেতাকর্মীরা জানান, মোঃ রাজিব আহসান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। সাধারণ মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং এলাকার উন্নয়ন ভাবনা তাকে এই আসনে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে বলে মনে করছেন তারা।
উল্লেখ্য, বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মোঃ রাজিব আহসানের মনোনয়ন দাখিল স্থানীয় ও জাতীয় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আতিকুর রহমান | মেহেন্দিগঞ্জ প্রতিনিধি
