টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের বহুতল ভবনের নিচতলা বারান্দা থেকে অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের নিচতলা ভবনের বারান্দার পূর্ব পাশের রডের রেলিং থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি শনিবার রাতে বিদ্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের মেঝেতে ঘুমানোর প্রস্তুতি নেন। নাইট গার্ড তাকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখেন। পরদিন ভোরে কিছু স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ের বারান্দার বাইরে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন।
স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলেন। দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন পিপিএম জানান, মরদেহের কাছ থেকে শ্বাসকষ্ট নিরাময়ের একটি ইনহেলার ও নগদ ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
শাকিল সিকদার/টাঙ্গাইল প্রতিনিধি
