রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হঠাৎ হামলায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।বাঘাইছড়িতে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় চরম আতঙ্কে এলাকাবাসী

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মাহিল্যা কবিরপুর এলাকায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হঠাৎ হামলায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ অক্টোবর ২০২৫ রাত ১০টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, জজ মিয়ার বাড়িতে হঠাৎ সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে এবং অন্তত ২০ থেকে ২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এসময় নারী-পুরুষ ও শিশুরা প্রাণভয়ে নিরাপদ আশ্রয় খুঁজতে ছুটোছুটি করেন।

এ ঘটনায় আমতলী, মাহিল্যা ও কবিরপুর এলাকায় তীব্র উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কিছু সশস্ত্র গোষ্ঠী পার্বত্য অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা চালাচ্ছে।

ঘটনার পরদিন, ২১ অক্টোবর, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (বাঘাইছড়ি উপজেলা শাখা) এক প্রেস বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলো পার্বত্য অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করে সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত।

সংগঠনটির সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন— হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং উক্ত এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদার করা হোক।

তারা আরও বলেন, “ভবিষ্যতে মাহিল্যা, আমতলী ও কবিরপুর এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি পুনরায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়, তবে তার জবাব কঠোরভাবে দেওয়া হবে। সন্ত্রাসীরা যে দলের বা সম্প্রদায়েরই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”

সংগঠনটি আরও জানিয়েছে, খাগড়াছড়ি জেলার মতো কোনো অস্থিতিশীল পরিস্থিতি যাতে বাঘাইছড়িতে সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এলাকাবাসী মনে করছে, প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। আপাতত স্থানীয়রা নিরাপত্তার আশায় প্রশাসনের দিকে তাকিয়ে আছে।

নোমাইনুল ইসলাম/বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *